বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোলে আগমন করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ফিরোজ আহমেদ ও শিলা আহমেদ। তারা যশোর শহরের একটি হোটেল থেকে সড়কপথে সরাসরি বেনাপোল স্থলবন্দরে পৌঁছান।
বন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি বন্দর পরিচালকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বন্দরের সার্বিক কার্যক্রম, বাণিজ্য সুবিধা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড সরজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে তারা বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘নিউজ২৪’-এর বেনাপোল প্রতিনিধি মো. বকুল মাহবুবের বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশ নেন।
পরিদর্শন ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৪০ মিনিটে প্রতিনিধি দলটি সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ত্যাগ করে।























