শারদীয় দুর্গাপূজায় যশোর সীমান্ত ও শহরে বিজিবির কঠোর নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজা মণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতোমধ্যেই দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর)-এর দায়িত্বপূর্ণ এলাকার মোট ২২২টি পূজা মণ্ডপে ২,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা সর্বমোট ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তার সর্বোচ্চ স্তর বজায় রাখতে বিজিবির সাজোয়া যান (এপিসি প্লাটুন) এবং বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
একই সাথে সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী বিওপিগুলোতে অতিরিক্ত জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে পূজা শুরুর আগে থেকেই সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ চলছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তবর্তী ও শহরের পূজামণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উৎসবের পরিবেশ বিঘ্নিত করার মতো যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিজিবি সতর্ক রয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ৪৯ বিজিবির ব্যাটালিয়ন সদরে একটি বিশেষ ‘মনিটরিং সেল’ গঠন করা হয়েছে।

























