যশোর সিটি কলেজ ছাত্রদলের সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন, শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান তন্ময় ও সহসভাপতি মিনহাজুল আবেদিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ফয়সাল হাসানের ওপর হামলার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মিছিল শেষে নেতাকর্মীদের একটি অংশ মনিহার মোড়ে অবস্থান নিলে পরে অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন গিয়ে তাদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে কলেজে ফিরিয়ে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর সরকারি সিটি কলেজের গেটে কথা-কাটাকাটির জেরে ফয়সাল হাসানকে ছুরিকাঘাত করা হয়। যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অংকন (২৪) এ হামলা চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। হামলার পর থেকেই অভিযুক্ত অংকনকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ছাত্রদল।

























