সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নীলফামারী জেলা প্রতিনিধি// নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১ জন।

বুধবার সন্ধ্যায় সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য।এরা হলেন সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম (৫০), সিকান্দার এলাকার আলম হোসেন (৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভান্ডারী (৫৩)।সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক জ্যোতির্ময় রায় জানান, ট্রাকটি রংপুর থেকে সৈয়দপুরে আসছিল।

এসময় তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন এবং বাকি দু’জন সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান।জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি জানান, নিহতদের মধ্যে দুইজন চেইন মাস্টার এবং একজন সাধারণ সদস্য ছিলেন। তারা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করে থাকেন। রংপুর থেকে আসা ট্রাকটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।