প্রতিবন্ধী শিশু ধর্ষণ: রাঙ্গামাটিতে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পারখুঙ পার্বত্য জেলা প্রতিনিধি// রাঙ্গামাটিতে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছরের এক বৃদ্ধকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এ. ই. এম. ইসমাইল হোসেন এই রায় প্রদান করেন।রায়ে আগামী ৬০ দিনের মধ্যে জরিমানার তিন লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে বলা হয়েছে। এই জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে ১৮০ দিনের মধ্যে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয়ের মাধ্যমে এই অর্থ ট্রাইব্যুনালে জমা প্রদানের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়।

প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে রাঙামাটি জেলার নানিয়ারচর থানায় ২০২০ সালের ৪ঠা অক্টোবর মামলাটি দায়ের কারেন।মামলার এজাহারে জানা যায়, রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর মধ্যপাড়ার হারুন অর রশিদ প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আসামিকে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।

একইসঙ্গে ভিকটিমকে নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন।রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও, আসামিপক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবে বলে জানান।