স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে খুলনা বিভাগের ৫ জেলার ৪৬ জন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাস্টের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, বিগত সময়ের মত দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দলের মতের সেটা দেখা হচ্ছে না। আবেদনের নিয়ম,সকল তথ্য ঠিক থাকলে তিনি অনুদান পাচ্ছেন
যশোরের জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, যশোর তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।







