স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
জহুরুল ইসলাম তারা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু।
চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে উম্মে সালমা নামের (৫৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার ভিমরুল্লা জেলা কারাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত উম্মে সালমা নাটোর জেলার নজরপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারা দু’জনই চুয়াডাঙ্গা দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন।
চাকরির সুবাদে তারা চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে সালমা কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।
পথে শহরের ভিমরুল্লা জেলা কারাগারের সামনের গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান উম্মে সালমা।
এ সময় তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় উম্মে সালমার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।





























