জেল হত্যাকাণ্ড দণ্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পর নেপথ্য কুশীলবদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// জেল হত্যাকাণ্ড দণ্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পর নেপথ্য কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলহত্যা দিবস উপলক্ষ্যে বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্বশূন্য করা হয়েছে। জেলহত্যা দিবসে সবাইকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এর আগে দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া নানা কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এছাড়া নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সকালে জাতীয় চার নেতার স্বজনরা তাদের প্রতি শ্রদ্ধা জানান।উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ, এইচএম কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন মনসুর আলীকে।