মানিক মিয়া স্টাফ রিপোর্টার// তিন দিনের সফরে আজ সকাল সাড়ে দশটায় ঢাকায় আসার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
সফরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।বুধবার সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হবে।
বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় রামনাথ কোবিন্দ বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ আয়োজনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন।ঢাকা সফরের তৃতীয় দিন ১৭ই ডিসেম্বর রাজধানীর রমনা কালীমন্দিরের নতুন ভবন উদ্বোধন করার কথা রামনাথ কোবিন্দের।
ওই দিনই ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করা রামনাথ কোবিন্দ।ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সফরসঙ্গী হিসেবে আসছেন তার পত্নী, কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন এমপি এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছরের ২৬ ও ২৭শে মার্চ বাংলাদেশ সফর করেন ভারতের নরেন্দ্র মোদি।







