আজও ভাঙলো পুলিশের ব্যারিকেড, বঙ্গভবনে স্মারকলিপি নিয়ে ১০ প্রতিনিধি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে গণপদযাত্রা করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পদযাত্রাটি সচিবালয়ের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হয় তারা।শেষ খবর পাওয়া পর্যন্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতা গেছেন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে।

রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।এর আগে, সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে পদযাত্রাটি শাহবাগ, ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন, মৎস্য ভবন হয়ে এগিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ প্রেসক্লাবের সামনে দিয়ে যেতে বাধা দেয়। পরে সচিবালয়ের সামনে রাস্তা দিকে এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের জন্য দ্রুত সময়ে সংসদের অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন তারা। এ সময় বিভিন্ন মামলা ও ভয়-ভীতি দেখানোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহালে গত ৫ জুনে রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে।

এর মধ্যে গত বুধবার (১০ জুলাই) হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৭ আগষ্ট এ বিষয়ে ফের শুনানি হবে।

এর কোটা সংস্কারে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো:সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।