যশোরে নবচেতনার ব্যতিক্রমী ধরিত্রী দিবস উদযাপন
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণের এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’। বুধবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “আমাদের শক্তি, আমাদের গ্রহ”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের অস্থায়ী বুথে জমা দেন। বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সতেজ গোলাপ গাছের চারা। প্লাস্টিক দূষণ রোধে এমন সৃজনশীল উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
কর্মসূচিটির মূল সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য মোঃ মিলন শেখ আপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনিরসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচির সমন্বয়ক মিলন শেখ আপন বলেন, “প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশ্ব ধরিত্রী দিবসকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমরা সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে চেয়েছি। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মাধ্যমে সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।”
এ ছাড়া দিবসটি উপলক্ষে শহরজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। পরিবেশ রক্ষায় ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।























