বেনাপোল স্থলবন্দরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন
স্বাধীন কণ্ঠ ডেস্ক
১৪০তম মহান মে দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি ছিল অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বন্দরের বিভিন্ন স্তরের শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। র্যালিটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগানে তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানান।
র্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই তাদের মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।
সভায় বক্তব্য দিতে গিয়ে সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, “১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়েই মে দিবসের সূচনা। সেই আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে অনেক দূর এগিয়েছে।” তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত শ্রমিকদের স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা।























