বিশ্ব পরিবেশ দিবসে যশোরে নবচেতনার বনায়ন কর্মসূচি উদ্বোধন
স্বাধীন কন্ঠ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রত্যয় নিয়ে যশোরে দুই মাসব্যাপী পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘একটি গাছ হাজার প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আগামী দুই মাসে ৩ হাজার ফলজ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রধান সমন্বয়কারী মোঃ মিলন সেখ বলেন, “এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা। এই কর্মসূচির আওতায় ৩ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলজ গাছ রোপণ করা হবে। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
স্থানীয় সচেতন মহল পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এমন সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ প্রতিবছর যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাভিত্তিক বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই মাসজুড়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।























