এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
স্বাধীন কন্ঠ ডেস্ক
এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের প্রশাসনিক ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।
আন্দোলনকারীরা বলেন, বর্তমান এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত অধ্যাদেশ চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও মানসম্মত প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের জন্য ন্যায্য ও যুগোপযোগী ভাতা নিশ্চিত করার দাবিও জানান তারা।
কর্মসূচিতে আনুমানিক ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।























