বিশ্ব সংগীত দিবসে যশোরে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
‘সংগীতই হোক বিশ্বজয়ের মন্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব সংগীত দিবস। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, মধুমতী অঞ্চল, যশোরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, বাসুদেব বিশ্বাস, দীপঙ্কর দাস রতন, মাহমুদ হাসান বুলুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সংগীতপ্রেমীরা।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগীত মানুষের হৃদয়ের ভাষা এবং বিশ্বজনীন সম্প্রীতির অন্যতম মাধ্যম। অসাম্প্রদায়িক, মানবিক ও সুস্থ সংস্কৃতি বিকাশে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন প্রজন্মের মধ্যে সংগীতচর্চা বিস্তারে এবং সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিল্পী, শিক্ষার্থী এবং সংগীতানুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্ব সংগীত দিবসের আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।























