যশোরে জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশেষ বর্ষের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী ভিডিও কনফারেন্সে যশোর কালেক্টরেট সভাকক্ষ থেকে সরাসরি সংযুক্ত ছিল জেলা প্রশাসন ও যশোরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ভিডিও কনফারেন্সের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনকে জানান, যশোরে ভিন্ন ও আকর্ষণীয় আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হবে। তিনি বলেন, আমরা খুব দ্রুতই একটি বিশেষ সভা আহ্বান করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব। সেই সুনির্দিষ্ট পরিকল্পনাটি অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠানো হবে।
জেলা প্রশাসক আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নজরুলপ্রেমী ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনার শহর যশোরে এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা মিলবে।
জেলা প্রশাসনের এই সংযোগ ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যশোরের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, জাতীয় কবির স্মৃতিধন্য এই জেলায় বছরব্যাপী নানা উৎসব, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল বর্ষকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।























