যশোরে জমকালো আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গৌরবময় ২৪ বছরের পথচলাকে স্বাগত জানিয়ে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণের আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়েও এনটিভি সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকদের আস্থা অর্জন করেছে। নানা চাপ ও প্রতিকূলতা মোকাবিলা করেও চ্যানেলটি তার পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। বক্তারা আশা প্রকাশ করে বলেন, ‘সময়ের সঙ্গে আগামীর পথে’—এই অঙ্গীকারকে ধারণ করে এনটিভি ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির যশোর স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।
এ সময় যশোরের বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সুধীসমাজ উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উপস্থিত সকলে এনটিভির ২৪ বছরের পথচলাকে উদযাপন করেন।























