যশোরে নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুলবর্ষ), ৩৬ জুলাই এবং বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)-এর ২৬১তম সাহিত্যসভা উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় বিএসপির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ এর গুরুত্ব ও চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. কবি শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন এবং কবি মনিরুজ্জামান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা ভারতের চুরুলিয়ার সংগ্রহশালা ও কবির শৈশব-জীবনী তুলে ধরে আলোচনা করেন কবি এমএ কাসেম অমিয়। এছাড়া কবি কাসেদুজ্জামান সেলিমের স্ত্রী প্রয়াত ফিরোজা জামান মিনির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি ও কবি সুরাইয়া শরীফ।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় আয়োজিত সাহিত্যসভায় স্বরচিত কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন কুতুব উদ্দীন বিশ্বাস, আতিয়ার রহমান, অ্যাডভোকেটসহ স্থানীয় কবি, সাহিত্যিক ও সুধীজন।























