‘নজরুল বর্ষ’ উপলক্ষে দ্যোতনা সাহিত্য পরিষদের প্রবন্ধ পাঠ ও সাহিত্য সভা
নিজস্ব প্রতিবেদক
দ্যোতনা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে ‘নজরুল বর্ষ’ ২০২৬-২০২৭ উপলক্ষে এক বিশেষ প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাংবাদিকতা ও বহুমাত্রিক অবদান নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার। এতে “বহুমাত্রিক নজরুল” শিরোনামে নির্ধারিত প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী সদস্য কবি এস এম রাকিব।
উপস্থাপিত প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, সহসভাপতি কবি বাবলু মাহবুব, সম্পাদক কবি ও গবেষক শাহরিয়ার সোহেল এবং নির্বাহী সদস্য কবি ও প্রবন্ধকার শেখ মাফিজুল ইসলাম।
আলোচকরা কবির সাহিত্যকর্ম, সাংবাদিকতা ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর দ্রোহের বিভিন্ন দিক নিয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরেন। বক্তারা গুরুত্বারোপ করে বলেন, এ ধরণের সাহিত্যিক আয়োজনে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে সমাজকে মাদক ও মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহসভাপতি কবি আমির হোসেন মিলন, সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না এবং সেলিম আক্তার। সংগঠনের সহসম্পাদক কবি বকুল হকের দক্ষ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কবি সীমান্ত বসু ও কবি শরিফুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা এবং কবিকে নিবেদিত কবিতা পাঠের মনজ্ঞ আসর বসে। এতে কবিতা আবৃত্তি করেন কবি রাবেয়া খানম, কবি রকি মাহমুদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের কবি কুতুবউদ্দিন বিশ্বাস এবং শনিবাসরীয় সাহিত্য আসরের কবি মুজিবুর রহমান।
মনোরম ও শান্ত পরিবেশে আয়োজিত এ সাহিত্য আসরটি কবিপ্রেমী ও উপস্থিত শ্রোতাদের প্রাণবন্ত অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হয়।























