‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এ যবিপ্রবির ৫ উদ্ভাবন
নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ নিজস্ব পাঁচটি যুগান্তকারী উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এই মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত প্রযুক্তিগুলো গবেষক ও দর্শনার্থীদের ব্যাপক নজর কেড়েছে।
যবিপ্রবির প্রদর্শিত পাঁচটি বিশেষ উদ্ভাবন হলো, ন্যানো-ইউরিয়া যা কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত এই প্রযুক্তিটি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন নিয়ে মেলায় প্রদর্শিত হচ্ছে। স্মার্ট সেন্সর যা কৃষি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়ক। ন্যানো-ক্যারিয়ার ড্রাগ যা স্বাস্থ্যখাতে উন্নত ওষুধ প্রয়োগ ব্যবস্থার নতুন মাধ্যম। পরবর্তী প্রজন্মের প্রিবায়োটিক যা স্বাস্থ্য রক্ষায় আধুনিক উপাদান। হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তি যা সরাসরি পানি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি তৈরির প্রযুক্তি।
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। প্রতিনিধি দলে বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ল্যাবে উদ্ভাবিত এসব পণ্য শিল্প পর্যায়ে রূপান্তর ও বাণিজ্যিক উৎপাদনের জন্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। ন্যানো-ইউরিয়ার উদ্ভাবক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান জানান, দেশের কৃষির উন্নয়নের কথা মাথায় রেখেই এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এবং এটি দ্রুত কৃষকদের কাছে পৌঁছাতে তিনি সহযোগিতা প্রত্যাশা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, যবিপ্রবির উদ্ভাবিত এসব প্রযুক্তি দেশের কৃষি, স্বাস্থ্য ও জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।























