রাজধানীতে আবারও দুই বাসের চাপায় প্রাণ গেল কিশোরের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- রাজধানীতে আজমেরী গ্লোরি পরিবহণের দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালো এক কিশোর।বৃহস্পতিবার বিকেল ৫টায় মগবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাকিবের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাছুয়াপারায়।

মগবাজার পেয়ারাবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।জানা যায়, মগবাজার মোড়ে কে কার আগে যাবে তা নিয়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। বাস দুটি মগবাজার মোড়ে এসে পাশাপাশি দাঁড়ায়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে যায় রাকিব। এক পর্যায়ে গাড়ি দুটির চাপায় পিষ্ট হয় সে।

পরে আহত রাকিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর সন্ধ্যা ৬টার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাকিবের বাবা নূর ইসলাম জানান, মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করত রাকিব। প্রতিদিনের মতো আজ সকালেও মাস্ক বিক্রির জন্য বের হয় সে। বিকেলে খবর পাই রাকিব অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে।

সেখানে গিয়ে তিনি দেখেন ছেলের নিথর দেহ পড়ে আছে।রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস দুটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া চালক দুজনকে ধরার চেষ্টা চলছে।