ধর্ষণ মামলায় খুলনায় পুলিশ কনস্টেবল গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খুলনা বিভাগীয় সংবাদদাতা:- ধর্ষণ মামলায় খুলনার আড়ংঘাটা থানার এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেলে স্বদেশ বালা নামে ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে নগরীর খান জাহান আলী থানায় এক নারী ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, নিজেকে অবিবাহিত ও মুসলিম পরিচয় দিয়ে তখন খান জাহান আলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল স্বদেশ বালা নগরীর শিরোমনী এলাকার এক মুসলিম মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলেন।

দীর্ঘদিন ধরে প্রেম করে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরবর্তীতে ওই পুলিশ কনস্টেবল আড়ংঘাটা থানায় বদলী হয়ে যান। পরে ওই নারী স্বদেশ বালাকে বিয়ের প্রস্তাব দিলে এক সন্তানের জনক ওই পুলিশ কনস্টেবল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে শুক্রবার দুপুরে ওই নারী খান জাহান আলী থানায় এসে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই শুক্রবার বিকেলে আড়ংঘাটা এলাকা থেকে ওই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়।

খান জাহান আলী থানার ওসি কামাল হোসেন বলেন, ওই নারী তিনটার দিকে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আমরা স্বদেশ বালাকে বিকেলে আড়ংঘাটা এলাকা থেকে গ্রেফতার করি।