নাটোরের গুরুদাসপুরে নছিমনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

 নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্নাল একই এলাকার শিবলু হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বাড়ির পাশেই খেলছিল শিশুটি। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এসময় চাঁচকৈড় থেকে মশিন্দামুখি নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে নছিমনটি রেখেই চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারসহ যানবাহনটি জব্দ করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।