বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeপাঁচমেশালিযশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

স্বাধীন কন্ঠ ডেস্ক

​যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের একটি বড় বটগাছের সঙ্গে ধাক্কা খেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ। এ ঘটনায় পরিবারের আরও তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে যশোরের বাঘারপাড়ার সীমাখালি ও গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা খায়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

​পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি মাহমুদ হাসান জাকারিয়া জনি নিজেই চালাচ্ছিলেন। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

​বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে এবং আজ বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়