বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ ২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সকালে শহরের মনিহারে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরপর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিলো।

দিবসটি উপলক্ষে টাউন হল ময়দানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

অন্যদিকে, শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদস্যরা বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি স্যালুট প্রদান ও দোয়া করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো যশোর শহর উৎসবের রঙে সেজেছে। সরকারি-বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জা আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে শহরের প্রতিটি সড়ক ও মোড়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়