যশোরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক
যশোরে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার যশোর শহরের বকুলতলায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ সর্বস্তরের মানুষের ঢল নামে।
সকাল ১০টায় বকুলতলাস্থ স্মৃতিস্তম্ভের বেদিতে জেলা প্রশাসনের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইভাবে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা কমিটির নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক ও নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ ছাড়াও দিবসটি উপলক্ষে যশোরের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়।























