কেশবপুরে পরিবেশ সুরক্ষায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করল ‘সমাধান’
নিজস্ব প্রতিবেদক
‘সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ি, বৃক্ষ রোপণে সামাজিক আন্দোলন গড়ে তুলি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যশোর জেলার কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর অর্থায়নে এ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকালে ও দুপুরে কেশবপুর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও কর্তৃপক্ষের হাতে ফলজ, বনজ ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির মোট ১৪৫টি গাছের চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় পাজিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ১০৫টি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে দুপুর ১২টায় নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪০টি চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে সমাধানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলী এবং পাজিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাদ্দাম হোসেন। এ সময় পাজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ কেবল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না; বরং বায়ুর মান উন্নয়ন, জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বাল্যকাল থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করবে।
সমাধান-এর কর্মকর্তারা জানান, সামাজিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই পরিবেশ গঠনের অংশ হিসেবেই তাঁরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বিতরণকৃত চারাগুলোর সঠিক রোপণ ও পরিচর্যার মাধ্যমে প্রতিষ্ঠান দুটি দ্রুতই সবুজ চত্বরে পরিণত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।













