কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// গেজেট বাতিল করা ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধার আর্থিক সুবিধা চলমান রাখতে হাই কোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে
বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে আপিল বিভাগ।প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের পাঁচটি লিভ টু আপিল শুনানির জন্য ওঠে।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আব্দুল কাইয়ূম লিটন ও সাবরিনা জেরিন।আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ ডেইলি বাংলাদেশ টুডে কে বলেন, “রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ হয়েছে। ফলে এসব বীর মুক্তিযোদ্ধা আর্থিক যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন, তা তারা পাবেন।
মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা এক হাজার ১৮১ জনের গেজেট বাতিল করে গত বছর ৭ জুন প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।তাদের মধ্যে এক হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি); ২০০৯ সালে নাম পরিবর্তনের আগে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।পাঁচটি রিটে সে প্রজ্ঞাপন হাই কোর্টে চ্যালেঞ্জ করেন ১৯৬ জন।গত বছর ৭ জুলাই বিজিবির এক হাজার ১৩৪ জনের মধ্যে গেজেট বাতিলের সিদ্ধান্ত ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করে রুলসহ দেয় হাই কোর্ট।
পরে কাছাকাছি সময়ে বাকিদের ক্ষেত্রেও একই আদেশ হয়।বিজিবি ও নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের গেজেট কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং আর্থিক সুবিধাসহ আবেদনকারীদের প্রাপ্য অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।সেই সঙ্গে আবেদনকারীদের আর্থিক সুবিধাসহ প্রাপ্য অন্যান্য সুবিধা চলমান রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল জারি করা হয়।







