জয়পুরহাট জেলা প্রতিনিধি// জয়পুরহাটের ক্ষেতলালে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে গণসংযোগ চলার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইউনিয়নের বেলতা বানদিঘী, বাড়ইল কুটিপাড়া ও আমিরের হাটে হামলা চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশীদ মণ্ডলের কর্মীদের দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের কর্মীরা এ হামলা চালিয়েছে।
তবে, এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের দাবি, পরাজয় নিশ্চিত জেনে নিজেরাই ভাঙচুর চালিয়ে দায় চাপাচ্ছে প্রতিপক্ষ।এদিকে, নির্বাচন ঘিরে হামলার ঘটনায় শঙ্কায় আছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান ভোটাররা।
অন্যদিকে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ক্ষেতলাল উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।মামুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি ভোটারদের।







