বিএনপি-যুবলীগের কর্মসূচি কক্সবাজার শহরে ১৪৪ ধারা জারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে সমাবেশ এবং একই সময়ে পাশে শহীদ মিনারে জেলা যুবলীগের বিজয় উৎসবের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে যেকোনও সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

বিএনপি ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে কক্সবাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইতোমধ্যে সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মঞ্চ তৈরিরর কাজ চলছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

এ বিষয়ে বিএনপি নেতারা বলছেন, তারা কক্সবাজার শহরে তিনটি স্থান মুক্তিযোদ্ধা পার্ক, ঈদগাহ ময়দান অথবা কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের যেকোন একটিতে সমাবেশ করার অনুমতি চেয়েও পাননি।

তাই কার্যালয়ের সামনেই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। সমাবেশে অতিথি হিসেবে থাকবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় অনেক নেতা।

অপরদিকে, যুবলীগ বলছে, তারা বিজয় উৎসব করার জন্য পূর্ব থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। বিজয় উৎসব সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, একই স্থানে দুইটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি আয়োজনের ফলে উত্তপ্ত পরিস্থিতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে প্রশাসনও মাঠে রয়েছে।