টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ইছাপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার দুর্গাপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে আব্দুল হালিম (২২)।
তিনি সরকারি শামসুল হক কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় অপর একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।আহতরা হলেন, ঘাটাইল উপজেলার নতুনবাগ গ্রামের মাজেদুর রহমান সরদার (৩০) ও একই এলাকার শাকিল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গামুখী দুটি মোটরসাইকেলের সাথে একইমুখী একটি মাছবাহী পিকআপের সংঘর্ষে একটি মোটরসাইকেল সেতুর নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি চালকের উপরে পড়ে এবং সেতুর গাইড ওয়ালের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান চালক।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







