হয়রানি ছাড়া যাতে সবাই বিচার পেতে পারে, নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- হয়রানি ছাড়া যাতে সবাই বিচার পেতে পারে, তা নিশ্চিতে বিচার বিভাগকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।এসময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ভার্চুয়াল আদালত পরিচালনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মামলাজট কমাতে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচার কাজ শেষ করে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।