মাটি টানা ট্রলি কেড়ে নিল শিশুর প্রাণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ// ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাটি টানা ট্রলির ধাক্কায় সিয়াম হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ছাইভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সিয়াম ওই গ্রামের আলম হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে শিশুর চাচা আলী হোসেন।স্থানীয়রা জানান, বিকেলে চাচা আলী হোসেন শিশু সিয়ামকে কোলে নিয়ে বাড়ির পাশের রাস্তায় বসে ছিল।

এ সময় একটি মাটি টানা ট্রাক্টর ট্রলি আলী হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে শিশু সিয়াম ও তার চাচা আলী হোসেন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শান্তা আহম্মেদ জানান, সিয়াম ও আলী হোসেনকে হাসপাতালে এক সঙ্গে আনা হয়েছে। সিয়াম হাসপাতালে আসার আগেই মারা গেছে। আলী হোসেনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রতিবেদক কে বলেন , সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।