টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা আরোহী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল প্রতিনিধি// টাঙ্গাইলের ভূঞাপুরে রেলক্রসিংয়ের সময় একটি ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ ৩ অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে থার্টি সেভেন আপ ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ফলদাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ আরোহী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত ৬ আরোহীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।