স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শতাব্দির বটমূলে অনুষ্টিত শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মাহমুদ হাসান বুলু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। এছাড়া বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু , জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য হাবিবা শেফা,যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলাহ, কমিউনিস্ট পার্টি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নারী নেত্রী অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ফজলে রাব্বি মোপাসা, বাসুদেব বিশ্বাস, দেবব্রত ঘোষসহ পরিবার-পক্ষ থেকে কন্যা ডা. অদিতি রায়।
শেকসভায় বক্তারা বলেন, অশোক কুমার রায় ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন নিবেদিতপ্রাণ মানুষ। তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও বাঙালিত্বকে আজীবন ধারণ করে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেছেন। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য ও মানবাধিকারের পক্ষে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ যশোরের নাগরিক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শেষে তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
