স্বাধীন কন্ঠ ডেস্ক
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং এলাকার কৃষি ও জনজীবন সচল রাখতে কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে কেশবপুর উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নের ছোট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাদুড়িয়া পর্যন্ত এ খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং যশোর-৬ কেশবপুর আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট সাইদুর রহমান সাঈদ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও দখল হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমি ও জনজীবনে দুর্ভোগ নেমে আসত। খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এ সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
