স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের বেজপাড়া শহীদ সুধীর ঘোষ মন্দির প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিকৃতি বরদাশত করা হবে না।
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল এ দেশের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে এই দেশ স্বাধীন করেছে। তাই এ ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই।”
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে, তারা কখনোই সফল হবে না। জনগণই তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।”
নার্গিস বেগম নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
দেবব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, সাংবাদিক সাজেদ রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন করা হয় এবং স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।#
