যশোরে স্বেচ্ছাসেবক দলের খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন
জলাবদ্ধতা নিরসনে অনন্য উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর এলাকার খড়কি অঞ্চলের দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা সংকট দূর করতে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর নির্দেশনায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার উদ্যোগে এই পরিচ্ছন্নতা ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি এলাকায় জলাবদ্ধতার শিকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে পানি প্রবাহ সচল করার লক্ষ্যে এই খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জয়নাল আবেদিন প্রিন্স, সদস্য রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিবলী হোসেন অমিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই খড়কি ও ইমান পট্টি এলাকার বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। এবার স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগে স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিবছর বৃষ্টির সময় আমাদের বাড়ি-ঘরে পানি জমে থাকে। চলাচলে চরম কষ্ট হয়। এই বছর খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা। আমরা আশা করছি এবার আমাদের কষ্ট অনেক কমবে।
উদ্বোধনকালে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা বলেন, আমাদের দলের নির্দেশনায় আমরা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিলে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এই খাল পরিষ্কার করছি। খড়কি এলাকায় প্রতিবছর জলাবদ্ধতা লেগে থাকে। খালের কচুরিপনা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হলে পানি সহজে চলাচল করতে পারবে এবং এলাকা জলাবদ্ধতা মুক্ত হবে।
তিনি আরও জানান, ৫ নম্বর ওয়ার্ডের ইমান পট্টির প্রায় ২৫০টি পরিবার এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও তারা ভাবছেন উল্লেখ করে রানা বলেন, পানি জমে থাকলে সহজেই ডেঙ্গু মশার জন্ম হয়। আমরা চাই আমাদের এলাকাসহ পুরো যশোর জেলা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক এবং জেলার মানুষ সুস্থ ও ভালো থাকুক।
প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন বলেন, দেশনায়ক তারেক রহমানের দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এবং আমাদের নেতা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। জনগণের যেকোনো দুর্ভোগে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
খাল পরিষ্কারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খড়কি ও আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষ। তারা আশা করছেন, দ্রুত এই খাল খনন সম্পন্ন হলে এবারের বর্ষায় আর তাদের জলমগ্ন হতে হবে না।













