ক্যান্সারে মৃত্যুবরণকারী শিক্ষক নেতা কুতুব উদ্দিনের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক মো. কামরুজ্জামান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. মো. আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল।
বক্তারা তাদের বক্তব্যে মরহুম মাস্টার কুতুব উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের একজন সৎ, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক ছিলেন। শিক্ষা বিস্তার এবং শিক্ষক সমাজের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বক্তারা আরও বলেন, মাস্টার কুতুব উদ্দিনের মৃত্যু শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ, নিষ্ঠা ও কর্মস্পৃহা নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, মাস্টার মশিয়ার রহমান, ডা. ওয়াহিদুজ্জামান সবুজ, মো. মোস্তাফিজুর রহমান মুন্নাসহ শিক্ষক ফোরাম ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই প্রার্থনা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুন ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাস্টার কুতুব উদ্দিন।













