যশোরে সার, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোসহ চার দফা দাবিতে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় ন্যায্য মূল্যে সার সরবরাহ, সার কালোবাজারি বন্ধ, কৃষি খাতের দুর্নীতির তদন্ত এবং ডিজেলসহ জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির যশোর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমানে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সাধারণ কৃষকদের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হতে হচ্ছে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যয় আশঙ্কাজনক হারে বাড়ছে। অনতিবিলম্ব অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য জোর দাবি জানানো হয়।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী খামার পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে তা সুষ্ঠু তদন্তের দাবি জানায় সংগঠনটি। সেই সাথে কৃষকদের জন্য সরকার ঘোষিত ভর্তুকির টাকা যেন প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আসন্ন ইরি-বোরো মৌসুমকে সামনে রেখে স্মারকলিপিতে সেচ কার্যক্রমে ব্যবহৃত ডিজেল ও বিদ্যুতের দাম কমানো, সেচ সুবিধায় বিশেষ ভর্তুকি প্রদান, ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।























