প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক তৌহিদুর রহমানের প্রয়াণ
নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। আজ ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
অ্যাডভোকেট তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন।
দীর্ঘ সাড়ে তিন দশকের সাংবাদিকতা জীবনে তিনি শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যশোর প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। যশোরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও আঞ্চলিক সাংবাদিকতার মান উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে স্থানীয় সাংবাদিক সংগঠন গড়ে তোলা এবং পেশাগত ঐক্য সুদৃঢ় করতে তিনি অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। সমাজসেবা, প্রজ্ঞা ও মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজের জন্য তিনি যশোরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রবীণ এই সাংবাদিক ও আইনজীবীর মৃত্যুতে যশোরের সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।













