আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলেন না মনোনয়ন প্রত্যাশী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

ওই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। এদিন রাত সাড়ে ৮টায় গণভবনে দলের বোর্ড সভায় আসন্ন ৬ আসনের উপনির্বাচনে ৩ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

অন্য দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ (ইনু) প্রার্থী দেবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। এর কিছুদিন আগে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।

প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির দলীয় সিদ্ধান্তে দলটির সাংসদদের পদত্যাগের কারণে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।