সাগরদাঁড়ি মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) এ উপলক্ষে কবির জন্মভূমি সাগরদাঁড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও মধুসূদন একাডেমির পক্ষ থেকে পৃথক আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ি মধুপল্লী কাস্টোডিয়ান কার্যালয়ের উদ্যোগে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম।
এদিকে একই দিনে সাগরদাঁড়িতে মধুসূদন একাডেমির উদ্যোগেও কবির ১৫৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়েছে। একাডেমির কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি ও মধুগীতি পরিবেশন।
মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ড. তানভীর দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মধুসূদন একাডেমির উপ-পরিচালক মকবুল মাহফুজ, আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান তাছু, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, যশোরের সিদ্দিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ইমদাদুল হক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এবং এনটিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল প্রমুখ।























