প্রেসক্লাব যশোর সভাপতির সুস্থতা কামনায় ‘বিবেক’-এর দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোরের প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন-এর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) বিকেলে মুড়লীস্থ ‘বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা’র নিজস্ব কার্যালয়ে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কামাল হোসেন উপস্থিত ছিলেন।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নেতৃত্ব, সমাজসেবা ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যশোরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে যশোরের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বক্তারা যশোর তথা দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার এই অভিভাবকের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য শফিউল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে জাহিদ হাসান টুকুন-এর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় বর্ষীয়ান সাংবাদিক জাহিদ হাসান টুকুন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই যশোরের সাংবাদিক মহল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।























