আটক রিকশা ফেরত ও লাইসেন্সের দাবিতে যশোরে শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে এবং আটককৃত যানবাহন বিনা শর্তে ফেরতসহ বৈধ লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন (৯৩৯)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক রিকশাচালক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯-এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, রিকশা শ্রমিকদের বিভিন্ন সংকট নিয়ে জেলা প্রশাসন ও পৌরসভার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। সর্বশেষ কোরবানির ঈদের সময়ও সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে রিকশা আটক করার ফলে চালকদের আয়-রোজগার বন্ধ হয়ে পরিবারগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। আটককৃত রিকশা ও ইজিবাইক অবিলম্বে ফেরত দেওয়া এবং সহজ শর্তে বৈধ লাইসেন্স প্রদানের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
উল্লেখ্য, যানজট নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরাতে সোমবার (২৪ আগস্ট) যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ রিকশা ও ইজিবাইক আটক করে।
অভিযানের বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে পৌরসভার অভিযান চলমান রয়েছে। গত দুই দিনে অনেক চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের দায়ে কয়েকটি অবৈধ যানবাহন আটক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



















