স্বাধীন কন্ঠ ডেস্ক
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের এই সংখ্যা বৃদ্ধি পায়। দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রখ্যাত বাউল শিল্পী পেহেলি ভৈরবীও প্রাণ হারিয়েছেন।
ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন (২২) নামের আরেকজন মারা যান। এর আগে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৭ জন প্রাণ হারান।
ঘটনাস্তলেই নিহত হওয়া ৭ জনের মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, কিশোরগঞ্জের ঢুলিয়ারপারের লক্ষীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাটের বাসিন্দা প্রীতম দাশ (২২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি রেজাউল করিম জানান, চালকের বেপরোয়া গতি এবং বিপজ্জনক ওভারটেকিং প্রবণতার কারণেই ওসমানীনগরে এমন মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, যার বলি হতে হলো তিন বছরের শিশুসহ ৯ জন নিরীহ মানুষকে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, নিহত বাউল শিল্পী পেহেলি ভৈরবীর মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

Reporter Name 























