নিজস্ব প্রতিবেদক
‘জড়তাহীন কণ্ঠশিল্পের উন্মুক্ত প্রকাশে আলপনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আলপনা ডিবেট ফেডারেশন’।
শুক্রবার (৭ আগস্ট) প্রতিষ্ঠানটির যশোর বিমান অফিস মোড়স্থ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক (যুগ্মসচিব) মোঃ হুসাইন শওকত।
বিতর্ক, উপস্থাপনা এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও প্রমিত উচ্চারণ চর্চার বিকাশে একঝাঁক তরুণ শিক্ষার্থী ও বিতর্কপ্রেমী শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রাক্তন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বর্তমান ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সহযোগী অধ্যাপক ড. এস এম তাজউদ্দিন, আমদাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ বর্মণ, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান মিলন, বিতর্কনুরাগী সুমন হোসেন জিনো এবং জে সি বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ হুসাইন শওকত বলেন, যশোর সংস্কৃতি এবং বিতর্কের জন্য ঐতিহ্যগতভাবেই এক সমৃদ্ধ শহর। আগামীর চ্যালেঞ্জিং বিশ্বে টিকে থাকতে হলে কথা বলা ও নিজের যুক্তি উপস্থাপনের দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলপনা ডিবেট ফেডারেশনের এই শুভ সূচনা আমাদের আশাবাদী করছে—বিতর্কচর্চায় যশোর দেশসেরা হয়ে নিজের অবস্থান জানান দেবে।
অনুষ্ঠানে আলপনা ডিবেট ফেডারেশনের সভাপতি মাহফুজ কবির আরকান, সহ-সভাপতি তাহমিজুল শাফিন, সম্পাদক জান্নাত নূর, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলীল, নির্বাহী সদস্য সাবিকুন্নাহার সিনহা, রিসালাত, ওয়ালিদ হাসান, মুশফিক জিসান’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Reporter Name 





















