চ্যাম্পিয়ন শহীদ মীর মুগ্ধ দল
নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে শুক্রবার বিকেলে ঐতিহাসিক যশোর টাউন হল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটি দলের নামকরণ করা হয় ‘শহীদ মীর মুগ্ধ’ ও ‘শহীদ আনাস’। উদ্বোধনী ও মূল ম্যাচে মুখোমুখি হয় এ দুই দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা গড়ে ওঠে। নির্ধারিত সময়ে চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে শহীদ আনাস দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের ট্রফি ছিনিয়ে নেয় শহীদ মীর মুগ্ধ দল।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হোসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক সাহেদ মোহাম্মদ রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র সাইদ সান।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের অমর আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখা এবং তরুণদের ক্রীড়ামুখী করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তরুণ সমাজকে একটি সুন্দর, বৈষম্যহীন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।
এদিকে টুর্নামেন্টকে ঘিরে যশোর টাউন হল মাঠ ও এর আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়।

Reporter Name 





















