স্বাধীন কন্ঠ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের নয়াদিল্লিতে দলীয় প্রধান শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ দুই বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করে তিনি জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে তিনি দেশে ফিরে হত্যা মামলাসহ সব ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
শুক্রবার (৭ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, রাজনৈতিক বা ব্যক্তিগত জীবনে তিনি কোনো ‘অন্যায় করেননি’। আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিজের নির্দোষ প্রমাণ করতে চান জানিয়ে সাকিব বলেন, সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব। কারণ আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।
বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। নিজ দেশে দর্শক-সমর্থকদের সামনে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করাই তার মূল লক্ষ্য।
বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ এবং তার পরপরই দেশে তার বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে সাকিব বলেন, ওই অনুষ্ঠানে তিনি কেবল দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিবাচক উন্নতির কথা বলেছেন, তাই এটি নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
সাকিব জানান, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনজীবীর মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার বিরুদ্ধে দায়ের করা ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন করলেও তিনি কোনো সুনির্দিষ্ট জবাব পাননি।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব উল্লেখ করেন, তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশের মাটিতে পা রাখতে চান। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেশের রাজনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সরাসরি কথা বলার ইচ্ছা পোষণ করেছেন এই অলরাউন্ডার। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Reporter Name 





















