স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল-এর অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা আজ শুক্রবার দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। যশোর কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়।
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কেন্দ্রের অধীনে এ বছর দুটি পৃথক ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হয়। যশোর মেডিকেল কলেজ কেন্দ্রে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অপরদিকে যশোর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত হয় ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা।
পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। কেন্দ্র ও হল পরিদর্শকদের কঠোর তদারকির কারণে কোনো ধরনের নকল বা প্রক্সি দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের চোখে-মুখে ছিল স্বস্তির ছাপ। অভিভাবকদের সঙ্গে কথা বললে উঠে আসে মানবসেবার এক অনন্য চিত্র।
বেশ কয়েকজন অভিভাবক জানান, নার্সিংয়ে ভর্তি হওয়া শুধু তাদের সন্তানদের নয়, বরং পুরো পরিবারের লালিত স্বপ্ন। এক অভিভাবকের ভাষায়, “নার্সিং এমন একটি পেশা যেখানে সরাসরি মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। এটি যেমন সম্মানজনক, তেমনি পরকালের জন্য সওয়াবের কাজ। আমরা চাই আমাদের সন্তানরা দক্ষ নার্স হয়ে দেশ ও মানুষের পাশে দাঁড়াক।”
অভিভাবকরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই যেন চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যাতে প্রকৃত মেধাবীরা এই মহান পেশায় আসার সুযোগ পায়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবক উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা শেষ করে হাসিমুখে ঘরে ফিরতে দেখা গেছে আগামীর এই সেবিকাদের।
